আরও এক সপ্তাহের জন্য ইউটিউবে নিষিদ্ধ ট্রাম্প

২০ জানুয়ারি, ২০২১ ১২:০২  
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়িয়ে দিচ্ছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব। ফলে ট্রাম্পের তরফ থেকে কোনো ভিডিও আপলোড বা লাইভ স্ট্রিমিং আরও সাতদিন সম্ভব হবে না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার নতুন ঘোষণায় তারা জানায়, 'সহিংসতার জন্য বর্তমান উদ্বেগ' এর আলোকেই তারা ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে আলফাবেট ইনকর্পোরেটেড। এর আগে জানুয়ারির ১২ তারিখ থেকে এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়। ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল ভবনের হামলায় ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উসকানির অভিযোগের সূত্র ধরেই ইউটিউব এ ঘোষণা দেয়। বুধবারেই জো বাইডেনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইতি ঘটে ট্রাম্প রজত্বের।